বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার এবং তার অনুসারীদের বিরুদ্ধে চার যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় নগরীর সাগরদী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মামুন হাওলাদার, মাসুম হাওলাদার, উজ্জল হাওলাদার ও সুমন হাওলাদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্ত এনামুল হক বাহার ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র। জুলাই অভ্যুত্থানের পর তিনি একাধিক মামলায় কারাবন্দি ছিলেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। আহতদের অভিযোগ, বাহারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তিনি প্রভাব খাটিয়ে তাদের জমি দখল করেছিলেন, যা নিয়ে উত্তেজনা পুনরায় দেখা দেয়।
শনিবার সন্ধ্যায় বাহারকে কেন্দ্র করে তার ভাই রুবেল, শামীম আহমেদ, শাহিন, বাবা সিরাজ হাওলাদারসহ ৮–১০ জন মিলে হামলা চালায় বলে দাবি করেছেন আহতরা। ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে একই পরিবারের চারজনকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করা হয় বলে তাদের অভিযোগ।
এনামুল হক বাহারও হামলার বিষয়টি অস্বীকার না করে জানান, জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ রয়েছে, এবং তারা বারবার জমি দখলের চেষ্টা করছিল। তিনি স্বীকার করে বলেন, প্রতিপক্ষকে তিনি দুটি থাপ্পড় দেন এবং পরে তার লোকজনও মারধর করেছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।









