বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দীপুর গ্রামে নিজ বাড়িতে ঢুকে শাহানাজ বেগম (৭০) নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঘটে এ ঘটনা। নিহত শাহানাজ বেগম বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাড়ির ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সময় বাইরে থাকা নিহতের ভাতিজা আবু রায়হান সুজন জানান, শাহানাজ বেগমের ছেলে সজিব তাকে ফোন করে বাড়িতে অচেনা লোক ঢোকার কথা জানান। বাড়িতে ফিরে তিনি দেখেন শাহানাজ বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং সজিবের স্ত্রীকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।









