ঢালিউডের ব্যস্ততম তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ ঈদে মুক্তি পেলেও নানা বিতর্কে এর যাত্রা শুরু থেকেই নড়বড়ে হয়ে পড়ে। অভিযোগ আর জটিলতার ভিড়ে ছবিটি বড় পরিসরে মুক্তি পেলেও মুক্তির দশ দিন পর বিশেষ প্রদর্শনীতে গিয়ে শাকিবের আচরণ সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দেয়। এমন সময়েই আলোচনায় আসেন অভিনেতা সিয়াম আহমেদ। সরাসরি শাকিবের নাম না নিলেও তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, মন্তব্যের নিশানা ছিল শাকিব খানকে লক্ষ্য করেই।
হল মালিকদের এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিয়াম বলেন, তিনি এমন শিল্পী নন যিনি প্রযোজকের ওপর সহশিল্পী চাপিয়ে দেন, নিজের সিনেমায় নির্দিষ্ট গানের কথা জোর করে বলেন কিংবা মুক্তির তারিখ ঠিক করে দেন। তাঁর এই কথামালার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শাকিবের ভক্তদের বড় অংশ ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই দাবি করেন, সিয়াম ইচ্ছাকৃতভাবে ইঙ্গিত করে শাকিবকে ছোট করার চেষ্টা করেছেন। কেউ তাঁকে ‘অহংকারী’ বলেছেন, কেউ আবার অভিযোগ তুলেছেন যে সিয়াম বড়দের সম্মান করতে জানেন না। অপরদিকে সিয়ামের ভক্তরাও পাল্টা মন্তব্যে যুক্ত হয়ে দু’পক্ষের মধ্যে অনলাইন বাগযুদ্ধ আরও তীব্র করেছে।
নেটিজেনদের ধারণা, কাস্টিং, গান নির্বাচন এবং মুক্তির তারিখ নির্ধারণে শাকিব খানের যে প্রভাব রয়েছে, সিয়ামের বক্তব্য পরোক্ষভাবে সেই বিষয়গুলোকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এ মন্তব্য ঢাকাই সিনেমার অভ্যন্তরীণ ক্ষমতার রাজনীতিকেই সামনে এনে দিয়েছে, যা নতুন প্রজন্মের নীরব প্রতিরোধের ইঙ্গিত হতে পারে বলে মত দিয়েছেন কেউ কেউ।
এ ঘটনায় শাকিব খানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে সিয়ামও আর কোনো ব্যাখ্যা দেননি। তবে তাঁর কথার সূত্র ধরে যে উত্তাপ সৃষ্টি হয়েছে, তাতে বিষয়টি নিত্যদিনের আলোচনা ছাড়িয়ে চলচ্চিত্রপাড়ার আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।









