দেশের বাড়তি জ্বালানি চাহিদা মোকাবিলায় দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং প্রতি ব্যারেল ৭৫ দশমিক ০৬ ডলার দরে এক লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। শনিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি আন্তর্জাতিক ক্রয়ের আওতায় ডিপিএম পদ্ধতিতে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে প্রায় ৬৮৯ কোটি টাকার ব্যয়ে এক লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার ডিজেল আমদানির প্রস্তাবও অনুমোদন পায়।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানান, কাজাখস্তান, দুবাই ও ওমান থেকে ১৫ লাখ টন ডিজেল এবং ১ লাখ টন পেট্রোল আমদানির যে দুটি প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছিল, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেগুলোর অনুমোদন দেয়নি। প্রস্তাবগুলোর মধ্যে দুবাই থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রোল, কাজাখস্তান থেকে আরও ৪ লাখ টন ডিজেল এবং ওমান থেকে ১ লাখ টন ডিজেল আমদানির বিষয় ছিল।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের ২০ শতাংশ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি ইরান বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি ঘাটতি মোকাবিলায় সরকার জরুরিভিত্তিতে তেল আমদানির উদ্যোগ নিয়েছে, যাতে সরবরাহ স্বাভাবিক রাখা যায়।









