ঝালকাঠীতে দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় মিলন হাওলাদার নামের ২৬ বছর বয়সী এই যুবককে স্ত্রীর পরিবারের লোকজন হামলা করে হত্যা করেছে বলে জানা গেছে। মিলন ওই এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মিলন ও তার স্ত্রীর মধ্যে চলমান পারিবারিক কলহের জেরে স্ত্রীর পরিবারের কয়েকজন মিলে তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহতের মা অভিযোগ করেছেন, পূর্বের বিরোধের কারণে পরিকল্পিতভাবেই শ্বশুরবাড়ির লোকজন তার ছেলেকে হত্যা করেছে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ হোসেন জানান, বিকেল ২টা ৫০ মিনিটে পুলিশ মিলনকে হাসপাতালে নিয়ে আসে এবং ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম জানান, মিলনের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরোধের বিষয়টি তাদের জানা আছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *