দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি জানান, গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে এবং কোনো জায়গায় ঘাটতির পরিস্থিতি নেই। ফলে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রশ্নই তোলার সুযোগ নেই।
তিনি বলেন, আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই এবং অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেতুমন্ত্রী জানান, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত কোথাও অতিরিক্ত ভাড়ার অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









