খুলনায় প্রকাশ্যে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানার আওতাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাশিকুল আনাম রাশু (৩৮) দৌলতপুরের দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। তিনি দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে যুবদলের দৌলতপুর থানা শাখার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনীতির পাশাপাশি রাশু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সকালে তিনি তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তাঁর ওপর এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি মাথায় লাগে এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক রাশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে।
প্রকাশ্যে দিনের আলোয় এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, আর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।









