রংপুরের ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকায় দেড় বছর বয়সী ছেলেকে শ্বাসরোধে হত্যা করে এক মা নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বিকেলে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন সূচনা ঘোষ (৪০) এবং তার ১৬ মাস বয়সী ছেলে জয়দেব ঘোষ।
পরিবারের সদস্যরা জানান, ছেলের জন্মের পর থেকেই সূচনা ঘোষ মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং প্রায়ই সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করার কথা বলতেন। ঘটনার দিন দুপুরে শাশুড়ির কোলে থাকা নাতিকে ঘুম পাড়ানোর কথা বলে সূচনা তাকে নিয়ে নিজের ঘরে যান। কিছুক্ষণ পর ডাকাডাকিতে সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহে ঘরের ভেতর প্রবেশ করেন। তখন শিশুটিকে বিছানায় মৃত অবস্থায় এবং সূচনা ঘোষকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।
নিহতের ননদ জানান, সন্তান জন্মের পর মানসিক চাপ বাড়তে থাকায় সূচনা স্বাভাবিক জীবনযাপন করতেন না। চিকিৎসা নেওয়া সত্ত্বেও তিনি নিয়মিত ওষুধ খেতেন না, যথাযথভাবে ঘুমাতেন বা খাবার গ্রহণ করতেন না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। প্রতিবেশীরাও জানান, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন।
ঘটনার খবর পেয়ে নিহতের বাবা নিখিল ঘোষ বাড়িতে আসেন এবং জানান, মেয়ের মানসিক সমস্যা নিয়ে পরিবার বহুদিন ধরেই উদ্বিগ্ন ছিল।
রংপুর মহানগর তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, মা ও ছেলের লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।









