রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রোববার রাত সাড়ে ৯টার দিকে এলোপাতাড়ি গুলিবর্ষণের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয় পথচারীরা জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, শহীদ মিনার এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়া হয়। এতে তিনি আহত হন এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে আহত ব্যক্তি ও আটককৃত—দু’জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির পাশাপাশি ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। গুরুতর অবস্থায় তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।









