ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ ভারতে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নিহত শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে পালাতে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) নদীয়া জেলার শান্তিপুর এলাকার কাছ থেকে তাকে আটক করা হয়।

কূটনৈতিক সূত্র জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন কলকাতাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে তাদের স্পেশাল টাস্কফোর্স। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন। বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরবর্তীতে তিনি নিজেও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

এসটিএফ জানিয়েছে, গ্রেপ্তারের পর ফিলিপ সাংমাকে আদালতে হাজির করা হয়েছে এবং বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত ৭ মার্চ রাতে একই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *