বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে গত ৭ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ঐতিহ্যবাহী তুর্কি রেস্টুরেন্ট আদানা সোফরাসি (Adana Sofrasi)-তে এক গ্র্যান্ড ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত হয়। এতে বিআইটিপিএনের সম্মানিত সদস্যদের পাশাপাশি আইসিটি খাতের শীর্ষস্থানীয় বৈশ্বিক ও দেশীয় ট্রেড বডি, বিভিন্ন অ্যাসোসিয়েশন ও ক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিআইটিপিএনের সভাপতি ফারুক আজম আরশাদ এবং সহ-সভাপতি এস. এম. সাজ্জাদ হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম আজাদ।
এ সময় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন- সাধারণ সম্পাদক মো. জুয়েল চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজমুস সাকিব এবং কোষাধ্যক্ষ এম. এ. তাহের।
বিআইটিপিএনের ইসি পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য নোমান হায়দার তার বক্তব্যে দেশের আইসিটি খাতে বিআইটিপিএনের অবদান, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
এছাড়াও বিআইটিপিএনের স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ তাদের নিজ নিজ কমিটির ভিশন ও মিশন সম্পর্কে বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক বিষয়ক চেয়ারম্যান মাকসুদ হোসেন, পিআর ও কমিউনিকেশন চেয়ারম্যান শামীম আজাদ, মেম্বারশিপ অ্যাফেয়ার্স চেয়ারম্যান মোশিউর রহমান, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান শরীফ আহসান, ইভেন্ট ম্যানেজমেন্ট চেয়ারম্যান তারারজু রাহবার এবং কর্পোরেট অ্যাফেয়ার্স কো-চেয়ারম্যান ইমতিয়াজ।
অনুষ্ঠানে বিআইটিপিএনের প্রতিষ্ঠাতা সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারা আইটি প্রফেশনাল কমিউনিটির উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
এছাড়া দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তৈরি পোশাক (RMG), স্বাস্থ্যসেবা, হসপিটালিটি খাতসহ বিভিন্ন শিল্প ও সংগঠনের বিশিষ্ট প্রতিনিধিরাও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত ইফতার আয়োজনটির স্পনসর ছিল বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান Race Online Limited, যা ফাইবার ও ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও উচ্চগতির ডাটা ও ইন্টারনেট সংযোগ প্রদান করে আসছে।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার গেট-টুগেদার দেশের আইটি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংযোগ এবং ভবিষ্যৎ উদ্ভাবনী উদ্যোগকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে।









