খুলনা-মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা রয়েছে। নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে, আর বাকি চারজনের মরদেহ রাখা হয়েছে রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে।
প্রাথমিক তথ্যে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে বহু যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, দ্রুতগতির কারণে দুই যানবাহনের সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে—যাদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।









