বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হলে রাজনৈতিক দলগুলোকে আগে সংসদে আসতে হবে। সংসদীয় আলোচনার মাধ্যমেই সংবিধান সংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে, আর প্রয়োজন হলে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী নতুন শপথ গ্রহণও করা হবে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। যারা দাবি করছেন যে নির্বাচন চক্রান্তের মাধ্যমে তাদের হারানো হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাকেও তিনি অযৌক্তিক বলে উল্লেখ করেন। তার দাবি, নির্বাচনের পর সমালোচনাকারী দলগুলোর অনেকে ইতোমধ্যে ওই সনদে স্বাক্ষর করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবিধান মেনেই দেশ পরিচালনা করছে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংসদীয় আলোচনা অপরিহার্য, এবং বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও কাজ করবে। তিনি আরও জানান, উপরাষ্ট্রপতির পদসহ বিভিন্ন সাংবিধানিক বিষয় যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আগে সংসদে যোগ দিক, তারপর গণভোট নিয়ে সিদ্ধান্ত হবে। যতটুকু ঐক্যমত্য গড়ে উঠেছে, ততটুকুই বাস্তবায়ন করা হবে। সবকিছুই হবে আলোচনার ভিত্তিতে এবং সাংবিধানিক কাঠামো অনুসরণ করে।









