সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাইবার বুলিং এবং হত্যার হুমকির শিকার হয়ে আইনের শরণাপন্ন হয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তিথি জানান, সাইবার বুলিং, হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তার বিকৃত ছবি ছড়ানো এবং পরিবারকে জড়িয়ে অপপ্রচার—এসবের বিরুদ্ধেই তিনি জিডি করেছেন। তিনি অভিযোগ করেন, তাকে এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অবমাননাকর বক্তব্য ছাড়াও হত্যার ও ধর্ষণের মতো ভয়াবহ হুমকি দেওয়া হয়েছে।
তার অনুমতি ছাড়া ব্যক্তিগত কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি তার বাসার ঠিকানাও প্রকাশ করা হয়েছে, যা পরিবারের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে বলে তিনি মনে করেন। তিনি জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ জমা দেওয়া হয়েছে।
তিথি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এমন মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে তিনি আরও কঠোর আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। তিনি দেশের প্রচলিত আইনের প্রতি আস্থা রেখে বলেন, তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তবে বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত। জনপ্রিয়তা বা ভিউ বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত সাইবার ট্রায়াল তিনি মেনে নেবেন না। একই সঙ্গে যেসব ব্যক্তি সাইবার অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধেও তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।









