প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা কোনোভাবেই পরিবর্তন করা হবে না। মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তির পাশে বনানীর টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। বৈশ্বিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংকটের কারণে কিছু বিষয়ে সময় লাগতে পারে, তবে সরকার প্রতিশ্রুতি থেকে একচুলও সরে যাবে না। তাই জনগণের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচন জনগণের কাছে জবাবদিহির পথ সুগম করেছে। দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচি তারই একটি অংশ।
তিনি এই দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করে বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করা হয়েছিল, আজ তা কার্যকর হতে দেখে তিনি ব্যক্তিগতভাবেও আবেগাপ্লুত।
দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীদের মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। তিনি জানান, প্রথম ধাপে ১৪টি জেলার ৩৭ হাজার ৫৬৭ নারীপ্রধান পরিবারকে কার্ড দেওয়া হচ্ছে। কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকায় ১৫ হাজার নারীকে আজ কার্ড প্রদান করা হয়েছে। আগামী পাঁচ বছরে দেশের ৪ কোটি নারীপ্রধান পরিবারকে এই কার্ড দেওয়া হবে।
এ সময় তিনি জানান, আগামী মাস থেকেই কৃষকদের জন্যও ‘কৃষক কার্ড’ চালু করা হবে।









