পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে ঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ অতিরিক্ত ছুটি দেওয়ায় এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঈদের ছুটির সঙ্গে ১৮ মার্চ যুক্ত করায় এবার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন সরকারি ছুটি থাকবে।
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় চাঁদ দেখা সাপেক্ষে সম্ভাব্য ২১ মার্চ ঈদুল ফিতরকে সামনে রেখে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির পরিকল্পনা করেছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি চাকরিজীবীরা এবার ঈদে টানা সাত দিনের দীর্ঘ ছুটি পাবেন।









