খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য হিসেবে পরিচিত মোটা চালের দাম বাড়ার তথ্য পাওয়া মাত্রই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এর পরপরই বাজারে এর ইতিবাচক প্রভাব দেখা যেতে শুরু করেছে।
রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড ও ব্যানার অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।
অতিরিক্ত প্রেসসচিব আরও জানান, উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।









