জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেছেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।
জানা গেছে, নিয়মিত শারীরিক পরীক্ষার পাশাপাশি সিঙ্গাপুরে অবস্থানকালে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও দেখা করবেন জামায়াতের এ কেন্দ্রীয় নেতা। সফর সফলভাবে শেষ করার জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।
তিনি জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন ডা. তাহের। পরদিন ১৭ ফেব্রুয়ারি সকালে তিনি সংসদ সদস্য এবং জুলাই সনদ বাস্তবায়ন পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।









