ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদেরসহ পুরো জোটের এমপিরা শপথ নিলেন।
আজ সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রচলিত নিয়ম অনুসারে, সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিরা প্রথমে শপথ নেন। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানান। শপথ অনুষ্ঠানের পূর্বমুহূর্তে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির এই সিদ্ধান্তের পর জামায়াতে ইসলামীও সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার ঘোষণা দেয়। এ পরিস্থিতিতে ১১ দলীয় জোটের নেতারা জরুরি বৈঠকে বসেন। পরবর্তীতে জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদে উপস্থিত হয়ে পৃথকভাবে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।









