ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দলটির সংসদীয় দল। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে নবনির্বাচিত এমপিরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে দেশি–বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
শপথগ্রহণের শুরুতে নবীন আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে দলের সিদ্ধান্ত তুলে ধরেন। শপথ শেষে নবনির্বাচিত এমপিরা শপথপত্রে স্বাক্ষর করেন।
ঘোষিত সূচি অনুযায়ী, আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দপ্তর বণ্টন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।









