তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

শুক্রবার পাঠানো অভিনন্দনবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপির সুস্পষ্ট বিজয় দেশের গণতান্ত্রিক উত্তরণ, সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জনগণের এই রায় গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি আস্থারই প্রতিফলন।

অভিনন্দন বার্তায় তিনি উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবে বলে তিনি বিশ্বাস করেন। এ সময় তিনি স্মরণ করেন তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর রাষ্ট্রদর্শন এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে। অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে কার্যকর অংশগ্রহণ—এসব ক্ষেত্রেই সুসমন্বিত নেতৃত্ব অপরিহার্য। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য, আইনের শাসন এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে তারেক রহমানের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, পরিবর্তনের এই সময়টিতে তার ইতিবাচক মনোভাব গণতান্ত্রিক পরিবেশ রক্ষা ও সাংবিধানিক প্রক্রিয়া অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শেষে তিনি দেশের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের সকল উদ্যোগের সফলতা কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তার জন্য প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা প্রার্থনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর