একটা ভালো আর গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, অতীতের যেকোনো মানদণ্ডে এবার অনুষ্ঠিত নির্বাচনকে ভালো ও গ্রহণযোগ্য বলা যায়। জাতির প্রতি করা অঙ্গীকার আমরা রক্ষা করতে পেরেছি বলেও তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে দেওয়া বক্তব্যে এসব কথা জানান তিনি।

সিইসি বলেন, একটি উৎসবমুখর ও সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্য ছিল আমাদের। সামগ্রিকভাবে এই নির্বাচনকে আমরা সফল ও সন্তোষজনক হিসেবেই বিবেচনা করছি।

তিনি আরও বলেন, ‘কিছু সীমাবদ্ধতা বা বিচ্যুতি থাকতেই পারে। এটি ১৮ কোটি মানুষের দেশ। আমাদের ২৫ কোটি ৪০ লাখ ব্যালটপেপার ছাপাতে হয়েছে, সাড়ে ১৭ লাখের বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ করেছে। এত বড় পরিসরের আয়োজন সমন্বয় করে নির্বাচন সম্পন্ন করা সহজ নয়। আমি বলছি না এটি পুরোপুরি নিখুঁত হয়েছে—কারণ বিশ্বের কোথাও নিখুঁত নির্বাচন হয় না। আমেরিকার নির্বাচনও আপনারা দেখেছেন, সেখানেও নানা সমস্যা থাকে।’

ভোট গণনা সম্পর্কে নাসির উদ্দিন বলেন, ‘আমরা সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে চাই। কোনো গোপনীয়তা বা সন্দেহের জায়গা রাখতে চাই না। সাংবাদিকরাই আমাদের সিসি ক্যামেরার মতো কাজ করছেন। আপনাদের উপস্থিতিতেই আমরা সবকিছু দেখাতে চাই। এখানে কোনো কারসাজি বা উদ্দেশ্য নেই। রিটার্নিং কর্মকর্তারা যে ফলাফল স্বাক্ষর করে দেবেন, সেটিই আমরা প্রকাশ করব। আপনারা সারারাত থাকুন, পর্যবেক্ষণ করুন—সবই খোলামেলা থাকবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *