জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোনো রাজনৈতিক দলকে কমপক্ষে ১৫১টি আসনে বিজয়ী হতে হয়। এককভাবে সরকার গঠনের ক্ষেত্রে এই সংখ্যাটি বাধ্যতামূলক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে। এতে দলটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা অতিক্রম করেছে।
সংসদে মোট আসন সংখ্যা ৩৫০। এর মধ্যে ৩০০টি সাধারণ আসনে সরাসরি ভোটে প্রতিনিধিরা নির্বাচিত হন এবং বাকি ৫০টি নারী আসন সংরক্ষিত, যা সাধারণ আসনে দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে বণ্টন করা হয়। এবারের নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে; প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, কোনো দল এককভাবে ১৫১টি আসনে জয়ী হতে না পারলে জোটবদ্ধভাবে সরকার গঠন করা যায়।









