দেশবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, “জাতির জীবনে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আমি সকল নাগরিককে আহ্বান জানাই—নির্ভয়ে ঘর থেকে বের হয়ে ভোটকেন্দ্রে আসুন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করুন।”

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, “বর্তমানে নির্বাচনের অনুকূল ও স্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব বলে আশা করি।”

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “মিডিয়ার কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সারা দেশের পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরে তারা ভোটারদের আশ্বস্ত করছেন এবং উৎসাহিত করছেন। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত সহায়ক।”

বক্তব্যের শেষে তিনি দেশের সকল নাগরিকের কল্যাণ ও মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, বহু প্রতীক্ষিত এই জাতীয় নির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচন শান্তিপূর্ণ করতে দেশজুড়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *