দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান এবং ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পর রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে এই দিনের অপেক্ষায় ছিলেন। তার বিশ্বাস, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে।
গতরাতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, যা তাকে আশাবাদী করেছে।
ভোটার ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “সারা দিন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে অধিকার প্রয়োগ অব্যাহত রাখলে ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।”
নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে বলেন, তিনি ও তার দল জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। তার ভাষায়, “সাধারণ মানুষ যাতে নিজ দেশে নিরাপদ বোধ করেন, সেটাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
নারীর ক্ষমতায়ন নিয়েও মত দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী; তাদের পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। ইশতেহার অনুযায়ী নারীর উন্নয়ন, অংশগ্রহণ ও ক্ষমতায়নের কার্যক্রম প্রথম দিন থেকেই শুরু হবে।
ভোটের সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে মন্তব্য করা আগে হয়ে যাবে; আরও কিছুটা সময় পর্যবেক্ষণ করে পরে মত জানানো যাবে।
সবশেষে তিনি সবাইকে সঙ্গে নিয়ে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।









