ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে তিনি রাজধানীর গুলশান-২ এর ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটকক্ষে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় প্রধান উপদেষ্টা বলেন, “আজ আনন্দের দিন। ঈদের মতোই উৎসবমুখর পরিবেশ।”
তিনি দেশবাসীকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেন, “সবার কাছে অনুরোধ, এবারের গণভোটে অংশ নিন। সবাইকে মোবারকবাদ।” এ সময় পাশে থাকা লোকজনও তাকে ‘ঈদ মোবারক’ জানিয়ে শুভেচ্ছা জানান।
গুলশান এলাকার এই আসনটিকে ভিআইপি আসন হিসেবে বিবেচনা করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে স্ত্রী ও মেয়ে উপস্থিত ছিলেন।









