শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৫ দিনের ছুটি

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ফেব্রুয়ারির শুরু থেকে একের পর এক ছুটি মেলায় আবারও ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

সরকার ভোটের আগের দিন বুধবার এবং ভোটের দিন বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে ফেব্রুয়ারিতে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এদিকে মাদ্রাসার বর্ষপঞ্জি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি রোববার থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হবে, যা চলবে ২৬ মার্চ পর্যন্ত। ক্লাস শুরু হবে ২৯ মার্চ।

কলেজের ছুটির তালিকা অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার ক্লাস চলার পর বুধবার থেকে কলেজগুলোর রোজা ও ঈদের ছুটি শুরু হবে। এ ছুটি ২৬ মার্চ পর্যন্ত চলবে এবং ২৯ মার্চ থেকে ক্লাস পুনরায় শুরু হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল এবং কারিগরি শিক্ষাক্রমের ভোকেশনাল স্কুল, ভোকেশনাল কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও অন্যান্য ভোকেশনাল কলেজে রোজা ও ঈদের ছুটি শুরু হবে ৮ মার্চ। ২৬ মার্চ পর্যন্ত ছুটি শেষে এসব প্রতিষ্ঠানের ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর