ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে : জামায়াত আমির

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সমর্থনে ইনসাফভিত্তিক সরকার গঠিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে জনগণের রায় অর্জিত হলে নাহিদ ইসলামকে সরকারে মন্ত্রী হিসেবে দেখা যাবে। সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কাজ এগিয়ে নিতে চান বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের সময় হলো আগামী ১২ ফেব্রুয়ারি। রক্তের সঙ্গে বেইমানি যারা করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। তিনি দাবি করেন, সারা দেশ জেগে উঠেছে এবং জনগণ পুরোনো বন্দোবস্ত ও বস্তাপচা রাজনীতি প্রত্যাখ্যান করে নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক ধারার উত্থান দেখতে চায়।

তিনি আরও বলেন, তারা আর জাতিকে কোনো মিথ্যা আশ্বাস দেবেন না। বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ ও ইজ্জত রক্ষার অঙ্গীকার করে তিনি বলেন, তারা দেশের মালিক নয়, বরং জনগণের সেবক হয়ে থাকতে চান। জনপ্রতিনিধিদের প্রতি বছর নিজেদের ও পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী প্রকাশ করতে বাধ্য করা হবে বলেও জানান তিনি।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ১০ টাকা কেজি দরে চালের প্রতিশ্রুতি দিয়ে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, তা এখনো মানুষের ভেতরে রয়ে গেছে। নতুন নতুন কার্ডের প্রতিশ্রুতিও তিনি ভুয়া বলে মন্তব্য করেন। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ এসব ভুয়া কার্ডকে লাল কার্ড দেখাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *