ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সংগঠনটির সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নিহত ওসমান হাদির স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্য। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে তারা অবস্থান শুরু করেন। রাত পৌনে ৯টা পর্যন্ত দাবি আদায়ে অনড় থাকার কথা জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। তদন্ত প্রতিবেদন চার বার সময় বাড়িয়ে পিছিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী ব্যস্ততার অজুহাতে তদন্ত এগোচ্ছে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বিচার না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হবেন।
ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, ইনকিলাব মঞ্চ সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে সবসময় সহযোগিতা করেছে, কিন্তু বিপরীতে সহযোগিতা পায়নি। তিনি জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদির হত্যার তদন্তের দাবিতে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং বাধা বাড়লে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এর দায়ভার সরকারকেই নিতে হবে।
ঘটনাস্থলের সর্বশেষ পরিস্থিতি জানাতে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে আপডেট দিচ্ছে। সর্বশেষ পোস্টে বলা হয়েছে, চারদিকে শতাধিক পুলিশ ও বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং লাঠিসোঁটা হাতে প্রস্তুত অবস্থায় আছে। পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যার তদন্ত না হওয়া পর্যন্ত, প্রয়োজনে মৃত্যুবরণ করলেও তারা অবস্থান ছাড়বেন না।









