রাজধানীর মিরপুর-১১ সেকশনের পল্লবীর ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহতরা হলেন—মোহাম্মদ মাসুম, তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি, সাড়ে তিন বছর বয়সী ছেলে মিনহাজ এবং দেড় বছর বয়সী আসাদ। পুলিশ ও স্থানীয়রা জানান, মিরপুর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পের টিনশেড বাড়িতে তাদের লাশ পাওয়া যায়। সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাসুম রিকশা চালাতেন এবং তার স্ত্রী বাসাবাড়িতে কাজ করতেন। পরিবারটি বিভিন্ন সমিতির কাছ থেকে ঋণ নেওয়ায় দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিল। প্রায় প্রতিদিনই কেউ না কেউ টাকা দাবিতে তাদের বাসায় আসত। ধারণা করা হচ্ছে, হতাশা ও আর্থিক চাপে পড়ে স্বামী-স্ত্রী দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।









