আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করেছে এবং হাইকোর্টেও তার করা রিট খারিজ হয়ে গেছে। ফলে এ আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে দলটি।
জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর পাশাপাশি এখন এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুমিল্লা-৪ আসনে ধানের শীষ প্রতীক নেই। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিতে এবং তার পক্ষে মাঠে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি দেবিদ্বারের ভোটারদের ট্রাক প্রতীকের পাশে থাকার আহ্বান জানান।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে এবং তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশও দিয়েছে।









