গুপ্ত হিসেবে পরিচিতরা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে : তারেক রহমান

বরিশাল প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, দেশে নতুন এক চক্র জাল সিল ও ব্যালট পেপার ছাপাচ্ছে এবং নির্বাচনের আগে ভোটকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ‘গুপ্ত’ নামে পরিচিত একটি মহলের লোকজন ভুয়া সিল থেকে শুরু করে ব্যালট পেপার পর্যন্ত ছাপানোর কাজ করছে এবং সেগুলো পকেটে করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে নির্বাচনী জনসভায় তিনি এসব অভিযোগ তুলে ধরেন। তিনি আরও বলেন, এই চক্র বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ নারীদের কাছ থেকে এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। অথচ তারা দাবি করছে, সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তারেক রহমানের প্রশ্ন—যাদের কার্যক্রমই অনৈতিকতার মাধ্যমে শুরু, তারা কি কখনো সৎ শাসন দিতে পারে?

তিনি অভিযোগ করেন, নারীদের নিয়ে অপমানজনক মন্তব্য করার পর ওই মহল আবার দাবি করছে, তাদের সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এসব আইডি হ্যাক হয়নি। ধরা পড়ে যাওয়ার পর তারা মিথ্যা কথা বলছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে পৌঁছান তারেক রহমান। তাকে স্বাগত জানান বরিশাল বিভাগ ও জেলার শীর্ষস্থানীয় নেতারা। বরিশালের ছয় জেলা থেকে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে এক নজর দেখার জন্য বেলস পার্ক ও আশপাশের এলাকায় ভিড় করেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসনও কঠোর নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। মাঠে ও আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা পাহারায় নিয়োজিত ছিলেন।

দীর্ঘ দুই দশক পর বরিশাল সফরে এলেন তিনি। সর্বশেষ ২০০৬ সালে তিনি বরিশাল সফর করেন, তখন তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার চেয়ারম্যান হিসেবে আগমন দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে দলীয় নেতারা মন্তব্য করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *