র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, র্যাব পুনর্গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি র্যাবের নতুন নাম হিসেবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) নামটি প্রস্তাব করে, যা প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং বাহিনীটি নতুন পরিচয়ে কার্যক্রম শুরু করবে। এ বিষয়ে শিগগিরই সরকারি আদেশ জারি হবে।
র্যাবের কাজের মানে পরিবর্তন আসবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত দেড় বছরে বাহিনীর কাজের মানে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং তা দৃশ্যমান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনী বলেন, র্যাব নামটি নিয়ে জনগণের নেতিবাচক ধারণা থাকায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অংশগ্রহণে সাভারে একটি মহড়া অনুষ্ঠিত হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।









