ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী স ম খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যানসহ প্রবেশ করতে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়িয়েছেন। ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্য তাকে থামিয়ে পরিচয় জানতে চান। এ সময় তর্কের সম্পূর্ণ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টের প্রবেশপথে সেনাসদস্য প্রার্থীর পরিচয় জানতে চাইলে তার সঙ্গে থাকা একজন জানান, তিনি ঢাকা-১৭ আসনের এমপি প্রার্থী। কোন দলের প্রার্থী—এ প্রশ্নের জবাবে তাকে জামায়াতে ইসলামীর প্রার্থী বলে পরিচয় দেওয়া হয়।
সেনাসদস্য ক্যান্টনমেন্টের নিরাপত্তাজনিত কারণে অস্ত্র বহনের নিষেধাজ্ঞার কথা জানালে খালিদুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, সেনাসদস্যরা নিজেরাই অস্ত্র নিয়ে দায়িত্ব পালন করছেন, অথচ তাকে গানম্যানসহ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি আরও অভিযোগ তোলেন যে সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে বিতর্কিত করা হচ্ছে এবং প্রয়োজন হলে তিনি বিষয়টি সেনাপ্রধানকে জানাবেন।
পরিস্থিতি আরও জটিল হলে তিনি সেখানে থাকা সেনা সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চান। পরে তাকে মোবাইল ফোন দেওয়া হলে তিনি ফোনের অপরপ্রান্তে থাকা কর্মকর্তাকে জানান, নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য তাকে গানম্যান দেওয়া হয়েছে, তাই তাকে প্রবেশে বাধা দেওয়া উচিত নয়।
শেষ পর্যন্ত তিনি প্রবেশ না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। গাড়িতে উঠে তিনি এলাকা ত্যাগ করেন।









