সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া চাঁদা এবং অকার্যকর অর্থনৈতিক কাঠামোর কারণে গভীর আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ। এ সপ্তাহের শুরুতে সদস্য দেশগুলোকে পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই গুরুতর পরিস্থিতির কথা তুলে ধরে সতর্ক করেছেন।
চিঠিতে গুতেরেস সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের আর্থিক নীতিতে প্রয়োজনীয় সংস্কার আনার বিষয়ে সম্মত হতে অথবা সময়সীমার মধ্যেই পূর্ণাঙ্গ চাঁদা পরিশোধ করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, চাঁদা বকেয়া থাকলে সংস্থার নিয়মিত কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়বে।—খবর রয়টার্স।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানান, চাঁদা পরিশোধ এখন “এখনই নয়তো কখনই নয়”—এ অবস্থায় এসে দাঁড়িয়েছে।
যদিও মহাসচিব কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অর্থায়ন কমানো পরিস্থিতিকে আরও জটিল করেছে। ট্রাম্প প্রশাসন জাতিসংঘসহ মোট ৬৬টি সংস্থা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে এবং ‘বোর্ড অব পিস’ নামে বিকল্প একটি উদ্যোগের কথা জানিয়েছে।
জাতিসংঘের ওয়েবসাইট অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ১৯৩ সদস্য দেশের মধ্যে মাত্র ৩৬টি দেশ ২০২৬ সালের বার্ষিক চাঁদা পুরোপুরি পরিশোধ করেছে।









