২০১৬ সালে ঢাকার কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ অভিযানকে ‘নাটক সাজিয়ে হত্যা’ হিসেবে অভিহিত করে সাবেক প্রধানমন্ত্রীসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি একেএম শহিদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, এসবি প্রধান মনিরুল ইসলামসহ মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে।
প্রসিকিউশন অভিযোগে জানায়, ২০১৬ সালের ২৫ জুলাই কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত ৯ তরুণকে পূর্বে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তাদের কয়েকজন ডিবি হেফাজতে ছিলেন দীর্ঘদিন। পরে রাতের বেলা তাদের ওই ভবনে নিয়ে গিয়ে অভিযানের নাটক সাজানো হয় এবং সেখানেই গুলি করে হত্যা করা হয় বলে দাবি করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনাটিকে ‘জঙ্গি দমন অভিযান’ হিসেবে প্রচার করা হয় এবং এটি তৎকালীন সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক মতাদর্শধারীদের ভীত করার কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছিল বলে প্রসিকিউশনের দাবি।
প্রসিকিউশন কর্তৃপক্ষ অভিযোগে উল্লেখ করেছে, সেই সময়ে ‘জঙ্গি নাটক’ সাজানোর একাধিক ঘটনা ঘটেছিল এবং ইসলামি ভাবধারার ব্যক্তিদের জঙ্গি পরিচয়ে টার্গেট করা হয়েছিল বলে তাদের অভিযোগ।









