ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করবে পার্লামেন্ট। বুধবার (২৮ জানুয়ারি) শুরু হওয়া অধিবেশনে রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষেই শোকপ্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি দুটি পূর্ণ মেয়াদসহ মোট তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

অধিবেশনের শুরুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ হবে উভয় কক্ষের যৌথ অধিবেশনে। এরপর রাজ্যসভার কার্যসূচি অনুযায়ী সাবেক এমপি এল গণেশন ও সুরেশ কলমাদির মৃত্যুতে শোকপ্রস্তাব উপস্থাপিত হবে। লোকসভায় শোকপ্রস্তাব থাকবে সাবেক এমপি শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কলমাদি ও কবীন্দ্র পুরকায়স্থের মৃত্যুকে ঘিরে।

রাজ্যসভায় পার্লামেন্ট মহাসচিব ২৬৯তম অধিবেশনে পাস হওয়া এবং রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া বিলগুলোর বিবরণী উপস্থাপন করতে পারেন বলে কার্যতালিকায় উল্লেখ রয়েছে।

অধিবেশনের প্রথম পর্ব মূলত ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটের আর্থিক কার্যক্রম ও রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় কেন্দ্রিত থাকবে। দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও অন্যান্য জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর