বিএনপি নেতা হাসান মোল্লা

কেরানীগঞ্জে বিএনপির আরেক নেতাকে গুলি

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জে বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তি হাসান মোল্লা—হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন হাসান মোল্লা। এ সময় মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বুকে লাগে। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিএনপির ঢাকা-২ আসনের প্রার্থী আমান উল্লাহ আমানের এপিএস উজ্জ্বল হোসেন বলেন,
“হাসান মোল্লা দলের একজন সক্রিয় নেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম জানান, “হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দি এলাকায় তাকে গুলি করা হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, হামলাকারীদের শনাক্তে ঘটনাস্থল পরিদর্শন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর হজরতপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এর আগে ৩ জানুয়ারি যশোর শহরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতা নিহত হন। পৌনে ৭টার দিকে শংকরপুরে কাউন্সিলর কার্যালয়ের সামনে তাকে গুলি করা হয়। নিহত আলমগীর (৩৫) যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর