ঢাকা কলেজ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সায়েন্স ল্যাব–নিউমার্কেট এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, গত দুই দিনে তাদের সাতজন সহপাঠীর ওপর চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী। এর জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজমুখী হলে তারা পুলিশের বাধার মুখে পড়ে।
পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়। শিক্ষার্থীরা পুলিশের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে ও লাঠিচার্জ করে। সংঘর্ষের পর এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
সরেজমিন দেখা যায়, নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত পুরো এলাকা উত্তপ্ত। সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। মিরপুর রোডের এই অংশে শিক্ষার্থীদের ছোড়া ইট-পাটকেলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে গত ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষের পর পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে একটি মৌখিক শান্তিচুক্তি হয়। ফুল ও মিষ্টি বিনিময়ের মধ্য দিয়ে উভয় পক্ষ বন্ধুত্বের প্রতীকী প্রতিশ্রুতি দেয়। তবে এক মাস না যেতেই সেই চুক্তি ভঙ্গ করে আবারও সহিংসতায় জড়িয়ে পড়ল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা—এমন অভিযোগ তুলেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।









