কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা দেশজুড়ে তার সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, ব্যক্তিগত নিরাপত্তা সংকট এবং দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন— “প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসির মাহফিলের সব সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আয়োজক কমিটির কাছে ক্ষমা প্রার্থনা করছি। দোয়ার অনুরোধ রইল।”
এদিকে বিকেলে তাকে হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম অসুস্থ হয়ে মারা যান।
এ ঘটনার পরপরই আরেক পোস্টে মুফতি আমির হামজা লেখেন— “আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ, এ কোন পরীক্ষা?”









