আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আগের মতো আরেকটি ‘পাতানো নির্বাচন’-এর শঙ্কা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতের আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ‘ঝুঁকে’ পড়েছে এবং প্রশাসন যেভাবে ‘আনুগত্য’ প্রদর্শন করছে, তাতে অতীতের মতো আরেকটি সাজানো নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, আগের মতো কোনো পাতানো নির্বাচন দেশকে আবারও বিপদের মুখে ঠেলে দেবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। ইইউ প্রতিনিধিদেরও জানানো হয়েছে যে, আসন্ন নির্বাচনে জামায়াত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ প্রত্যাশা করে। কিন্তু প্রশাসন এখনো একটি রাজনৈতিক দলকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ব্রিফিংয়ে ডা. তাহের আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে।
এনসিপিকে ১০টি আসন ছাড় দেওয়া নিয়ে যে খবর ছড়িয়েছে, তা ‘পুরোপুরি কাল্পনিক’ বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে নির্বাচনী আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে এবং খুব শিগগিরই সমঝোতা চূড়ান্ত হবে।









