জামিন পেলেন হবিগঞ্জের সেই বৈষম্যবিরোধী নেতা

হবিগঞ্জ প্রতিনিধি

গণঅভ্যুত্থানের সময় বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্যের জেরে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসানকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী এম এ মজিদ।

এর আগে সকাল ৮টার দিকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদীকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

মাহাদীর মুক্তির দাবিতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সম্ভাব্য উত্তেজনা বিবেচনায় আদালত চত্বরে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার রাত পৌনে ৮টায় হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে মাহাদীকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশের কাজে বাধা দেওয়ায় মাহাদীর বিরুদ্ধে মামলা নিয়ে তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় আটক বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নয়নকে ছাড়ানোর সময় উত্তেজিত হয়ে থানার ওসির সঙ্গে তর্কে জড়ান মাহাদী। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত নোটিশটি শনিবার প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা থানায় বিক্ষোভ করেন। এ সময় মাহাদীর নেতৃত্বে একটি দল ওসির কক্ষে গিয়ে অবস্থান নেয়। ওই সময়ের কথোপকথনের ভিডিওতেই তাকে বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়ার দাবি এবং এসআই সন্তোষকে হত্যার কথাও উল্লেখ করতে শোনা যায়, যা পরে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর