রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক, নিহত ৪

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাট এলাকায় বালুবাহী ট্রাক উল্টে চাপা পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা গেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী–নাটোর মহাসড়কের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সিয়াম (১৫), মুনকার প্রামাণিক (৩৫), সেন্টু (৪০), ইসলাম উদ্দিন (৬০)।

গুরুতর আহত রায়হান আলী (৪৫), পিতা আব্দুল জলিল উদ্দিন, খুটিপাড়া, পুঠিয়া—হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, প্রতিদিনের মতো সকালে ঝলমলিয়া এলাকায় কলার হাট বসে। ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে বাজারের দিকে ঢুকে পড়ে এবং মুহূর্তেই উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

একজনের মরদেহ স্বজনরা স্থানীয়ভাবে নিয়ে গেলেও পুলিশ পরে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতেরা সবাই কলা ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে।

পুঠিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সারওয়ার হোসেন জানান, সাড়ে ৭টার দিকে খবর পাওয়ার পরই তারা উদ্ধার কাজে যোগ দেন। তিনি বলেন, “ঘন কুয়াশায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যস্ত বাজারে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই চারজন মারা যান। গুরুতর আহত রায়হান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পরে তার মৃত্যুর খবর পাই।”

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, “আমাদের পুলিশ ও ফায়ার সার্ভিসের দল কাজ করছে। চারজনের লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিও পরে মারা গেছেন বলে খবর পেয়েছি।”

নাটোর ও রাজশাহীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর কাজ করছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *