ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তির প্রেরণা যুগিয়েছেন খালেদা জিয়া : প্রধান উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অনন্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরশাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান বারবার জাতিকে পথ দেখিয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে প্রেরণা জুগিয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার ইন্তেকালের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

তিনি জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং বুধবার তার নামাজে জানাজার দিন সরকারি সাধারণ ছুটি থাকবে। জানাজাসহ শোক-সম্পর্কিত সব আয়োজনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, “আজ পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রীর ইন্তেকালে আমরা মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো।” তিনি খালেদা জিয়ার পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আল্লাহর দরবারে প্রার্থনা করেন— জাতি যেন এই গভীর শোক অতিক্রম করার শক্তি পায়।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, জনমুখী নেতৃত্ব এবং দেশপ্রেমের উদাহরণ প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, “এমন একজন দূরদর্শী ও নিবেদিতপ্রাণ নেত্রীর শূন্যতা সহজে পূরণ হবার নয়।”

জাতির এই সংকটময় সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার সুযোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি অনুরোধ করেন— শোকের এই মুহূর্তে আবেগ সংযত রেখে জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে।

শেষে তিনি প্রার্থনা করেন, মহান আল্লাহ তায়ালা যেন সবাইকে ধৈর্য, শক্তি এবং ঐক্য ধরে রাখার ক্ষমতা দান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর