জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন না। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি নির্বাচনকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুতিতে রয়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না, তবে তিনি দলের নির্বাচনী টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এনসিপির রাজনৈতিক পরিষদের জরুরি অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “আজ আমার জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। আমি মনে করি, এই সময়ে পরিবর্তন ও অভ্যুত্থানের শক্তিকে একত্রে রাখা জরুরি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমি এনসিপিতে যোগ দিয়েছি।”
দলে যোগদানের পরপরই এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদকে।









