আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

ষ্টাফ রিপোর্টার

শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর শাহবাগ এলাকা ত্যাগ করার পর ফের শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে সংগঠনটি শনিবার (২৭ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে পুনরায় অবস্থান কর্মসূচি ঘোষণা করে।

ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন। এর আগে তারেক রহমানের কবর জিয়ারতের সময় সাময়িকভাবে অবরোধ তুলে নিয়ে তারা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগ এলাকা ছেড়ে যান, তবে দুপুরে আবারও কর্মসূচি পুনরায় শুরু করেন।

সংগঠনের নেতারা জানিয়েছেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা ‘অনির্দিষ্টকালের জন্য’ শাহবাগ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।

গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে। সন্ধ্যার পর থেকে সেখানে হাদি সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে, এবং রাতভর আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে শরিফ ওসমান হাদিকে গুরুতর আহত করে। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলেও তিন দিনের মাথায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর