কাল ভোটার হবেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার

ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থী হতে আর কোনো আইনি জটিলতা থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া আছে; পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ভোটার নিবন্ধনের পদ্ধতি চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনীয় সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। তিনি ভোটার হওয়ার পর নির্বাচনে প্রার্থী হতে কোনো জটিলতা দেখি না।”

তিনি আরও জানান, তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা এবং কেপিআই হিসেবে নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা—দুটি বিষয় বিবেচনায় রেখেই ভোটার নিবন্ধনের পদ্ধতি নির্ধারণ করা হবে।

তারেক রহমান গুলশানের বাসায় নাকি নির্বাচন অফিসে গিয়ে ভোটার হবেন—সেটি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “অবস্থার পরিপ্রেক্ষিতে দুইভাবেই হতে পারে। যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।”

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন। তবে তফসিল ঘোষণার পর মাঠপর্যায়ে নিয়মতান্ত্রিকভাবে ভোটার হওয়ার সুযোগ না থাকায় পুরো প্রক্রিয়াটি কমিশনের বিবেচনার ওপরই নির্ভর করছে।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি ঢাকার বাসিন্দা হওয়ায় তার ভোটার নিবন্ধনের কাজ ঢাকার আঞ্চলিক নির্বাচন অফিসেই সম্পন্ন হওয়ার কথা। ইসি সূত্র বলছে, ২০০৮ সালে তফসিল ঘোষণার পর শেষ সময়ে ক্যান্টনমেন্টের বাসায় থেকেই ভোটার হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই নজির অনুযায়ী, প্রয়োজন হলে তারেক রহমানও বাসায় থেকে ভোটার হতে পারেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একটি পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান। পরিকল্পনার বিস্তারিত না জানালেও তিনি দেশের সবার সহযোগিতা কামনা করেছেন। বৃহস্পতিবার তিনশ ফুট এলাকায় সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন—“আই হ্যাভ আ প্ল্যান।”

সংবিধান অনুযায়ী, জাতীয় নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়া বাধ্যতামূলক। দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই প্রার্থী হওয়া যায়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ইতোমধ্যে বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়ন জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অনুসরন করুন

সর্বশেষ খবর