পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রতিপক্ষের ওপর হামলা, বিএনপি নেতা নিহত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে রাতের আঁধারে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে হামলা চালিয়ে সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৭) নামে বিএনপির এক নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাইফুল সর্দার ওই গ্রামের হবি সর্দারের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পেশায় কৃষক ছিলেন। হামলায় ইসমাইল মোল্যা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় তুহিন গ্রুপ ও জুয়েল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ পরিচয়ে সাইফুল সর্দারের ঘরে ঢুকে তুহিন গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস বলেন, “সাইফুল সর্দার আমাদের ইউনিয়ন বিএনপির সাহিত্য–সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। আমরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই।”

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, “দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। রাতের অন্ধকারে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *