দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় তীব্র শীত জেঁকে বসেছে। তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রির ঘরে, বইছে শৈত্যপ্রবাহ। তবে হাড় কাঁপানো ঠান্ডার মাঝেই সকালবেলায় সূর্যের ক্ষীণ আলো জনজীবনে একটুখানি স্বস্তি এনে দিয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে চুয়াডাঙ্গায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, গত কয়েক দিনে তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় জনজীবনে শীতের তীব্রতা বেড়েছে। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান বলেন, “আজ শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৫ শতাংশ। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি। তাপমাত্রা আরও কমতে পারে।”









