তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

ষ্টাফ রিপোর্টার

দীর্ঘ নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দেশে ফিরেছেন। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় তিনি লিখেছেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’

বেলা ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। অবতরণের পরই তিনি বিশেষ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে বিএনপির আয়োজিত জনসমাবেশস্থলের উদ্দেশে রওনা দেন, যেখানে লাখো নেতাকর্মী তার অপেক্ষায় রয়েছেন।

সেখানে তিনি সমবেত নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা গেছে। সমাবেশ শেষে তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে। পরে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছাবেন।

বিমানবন্দরে নেমে তারেক রহমানকে ফুল দিয়ে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা পরিবারসহ তাকে স্বাগত জানান।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে বিজি–২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। সেখান থেকে সকাল ১১টা ১৩ মিনিটে পুনরায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। এর আগে রাত সোয়া ৮টায় লন্ডনের বাসা থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন এবং রাত সোয়া ১০টায় হিথ্রোতে পৌঁছান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *